GPF Interest Rate: পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে ২০২৬-২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের জন্য জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ-এর সুদের হার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ১ এপ্রিল ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত সময়ের জন্য রাজ্য সরকারি কর্মচারীরা নিজেদের প্রভিডেন্ট ফান্ডে বার্ষিক ৭.১ শতাংশ হারে সুদ পাবেন। এই সুদের হার গত বেশ কয়েক বছর ধরে একই আছে।
Table of Contents
অর্থ দপ্তরের নতুন নির্দেশিকা
৯ এপ্রিল ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর (গ্রুপ-জে) থেকে একটি রেজোলিউশন প্রকাশ করা হয়েছে। রাইটার্স বিল্ডিং থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তির মেমো নম্বর হলো 070-F(J) । অফিশিয়াল নির্দেশিকায় জানানো হয়েছে যে, চলতি আর্থিক বছরের প্রথম তিন মাসের জন্য রাজ্য সরকারের প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনে থাকা জেনারেল প্রভিডেন্ট ফান্ড এবং সমতুল্য অন্যান্য ফান্ডগুলির ওপর বার্ষিক ৭.১ শতাংশ হারে সুদ প্রদান করা হবে।
কোন কোন ফান্ডের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য
বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি কর্মচারীদের নির্দিষ্ট কিছু সঞ্চয় তহবিলে এই নতুন নির্দেশিকা কার্যকর হবে। যে ফান্ডগুলিতে এই সুদের হার প্রযোজ্য হবে, সেগুলি হলো:
- জেনারেল প্রভিডেন্ট ফান্ড (ওয়েস্ট বেঙ্গল সার্ভিস), যা সাধারণ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নির্ধারিত।
- কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (পশ্চিমবঙ্গ), যেখানে কর্মী এবং নিয়োগকর্তা উভয়ই অবদান রাখেন।
- পশ্চিমবঙ্গ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় কর্তৃপক্ষ (সিপিএফই) আইন, ১৯৮৩-এর অধীনে পরিচালিত প্রভিডেন্ট ফান্ড।
- রাজ্য সরকারের অনুমোদনে স্টেট অ্যাকাউন্টের অধীনে পরিচালিত অন্য যেকোনো প্রভিডেন্ট ফান্ড।
সরকারি কর্মচারীদের ওপর এর প্রভাব
সুদের হার ৭.১ শতাংশে স্থির থাকার ফলে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের সঞ্চয়ে একটি স্বস্তিদায়ক ধারাবাহিকতা বজায় থাকছে। রোপা ২০১৯ (ROPA 2019) কার্যকর হওয়ার পর থেকে কর্মচারীদের মূল বেতনের (Basic Pay) পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যার ফলে জিপিএফ কাটার ন্যূনতম পরিমাণও বেড়েছে। তাই সঞ্চিত বৃহত্তর মূলধনের ওপর ৭.১ শতাংশ চক্রবৃদ্ধি সুদ দীর্ঘমেয়াদে কর্মচারীদের জন্য আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করবে। তবে সুদের হার না বাড়ায় অনেক কর্মচারী সমালোচনাও করেছেন।
অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার পদ্ধতি
রাজ্য সরকারি কর্মচারীরা খুব সহজেই নিজেদের জিপিএফ ব্যালেন্স অনলাইনে চেক করতে পারেন। গ্রুপ ডি কর্মীরা প্রথমে ডাব্লিউবিআইএফএমএস পোর্টালে গিয়ে নিজেদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে মাই ডকুমেন্টস বা জিপিএফ স্টেটমেন্ট অপশনে গেলে বর্তমান ব্যালেন্সের পাশাপাশি সুদের হিসাব দেখা যাবে। তবে গ্রুপ ডি ব্যতীত অন্যান্য কর্মচারীদের GPF স্টেটমেন্টের AGWB এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। প্রতি মাসের বেতন থেকে কাটা জিপিএফ-এর টাকা এবং তার ওপর ত্রৈমাসিক ভিত্তিতে জমা হওয়া সুদের হিসাব এই পোর্টালে প্রতিফলিত হয়। এর ফলে কোনো গরমিল থাকলে তা দ্রুত সংশ্লিষ্ট ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার বা ডিডিও-র নজরে আনা সম্ভব হয়।
সূত্র: অর্থ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার।
তথ্য যাচাই: প্রতিবেদনটির তথ্য অফিশিয়াল নির্দেশিকা এবং অভিজ্ঞ কর্মীদের দ্বারা যাচাইকৃত।