New PAN Card Form: প্যান কার্ডের নিয়মে বড় বদল! বাতিল হচ্ছে পুরনো ফর্ম, ডাউনলোড করুন নতুন ফর্ম PDF
New PAN Card Form: ১ এপ্রিল ২০২৬ থেকে ভারতের নাগরিকদের জন্য প্যান কার্ডের আবেদন এবং সংশোধনের নিয়মে যুগান্তকারী বদল আসতে চলেছে। আগেকার অতি পরিচিত ফর্মগুলোর বদলে এবার সম্পূর্ণ নতুন ও সুনির্দিষ্ট ফর্মের মাধ্যমে কাজ করতে হবে। এর ফলে সাধারণ মানুষের সুবিধা যেমন বাড়বে, তেমনি কিছু ক্ষেত্রে নথিপত্রের বিষয়ে আরও সতর্ক হতে হবে।
নতুন নিয়মের বড় চমক এবং সাধারণের উপর প্রভাব
নতুন নির্দেশিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জন্মতারিখের প্রমাণপত্র। আগে শুধুমাত্র আধার কার্ড দিয়েই কাজ চালানো যেত। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, আধার কার্ডের পাশাপাশি জন্মতারিখ প্রমাণ করার জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পাসপোর্ট বা জন্ম শংসাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া, নামের ক্ষেত্রে বিভ্রান্তি এড়াতে প্রথমে ফার্স্ট নেম এবং শেষে লাস্ট নেম বা পদবী লেখার ব্যবস্থা করা হয়েছে। আরেকটি উল্লেখযোগ্য সংযোজন হলো ‘সিঙ্গেল ফাদার’ বা একক পিতার নামের অপশন, যা আগে ফর্মে ছিল না।
ফর্মের ধরনে বড় রদবদল
পুরনো ৪৯এ বা সিএসএফ ফর্ম এখন ইতিহাস হতে চলেছে। আবেদনকারীদের সুবিধার্থে এখন ভিন্ন ভিন্ন ক্যাটাগরির জন্য আলাদা ফর্ম আনা হয়েছে।
- ব্যক্তিগত আবেদন: সাধারণ নাগরিকদের এখন থেকে ‘ফর্ম ৯৩’ ব্যবহার করতে হবে।
- বাণিজ্যিক প্রতিষ্ঠান: দোকান বা ব্যবসার ক্ষেত্রে ‘ফর্ম ৯৪’ পূরণ করতে হবে।
- বিদেশী নাগরিক: ভারতের বাইরে থাকা বা বিদেশীদের জন্য থাকছে ‘ফর্ম ৯৫’।
সকল ফর্মের ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে।
তিন পাতার নতুন ফর্মের খুঁটিনাটি
ব্যক্তিগত আবেদনের নতুন ফর্মটি আগের চেয়ে বড়। এবার এটি তিন পাতার করা হয়েছে।
- প্রথম অংশ: আবেদনকারীকে নির্দিষ্ট মাপের দুটি ছবি বসাতে হবে। তবে সই করার জায়গা পরিবর্তন করে বাঁদিকে আনা হয়েছে, যেখানে ছবির ওপর দিয়ে সই করতে হবে। এখানে নাম, ঠিকানা ও যোগাযোগের বিস্তারিত তথ্য দিতে হবে।
- দ্বিতীয় অংশ: এই পাতায় অভিভাবকের তথ্য দিতে হবে। বাবা বা মায়ের মধ্যে কার নাম কার্ডে ছাপা হবে, তা বেছে নেওয়ার সুযোগ থাকছে। নাবালকদের ক্ষেত্রে তাদের প্রতিনিধির বিবরণ দেওয়া আবশ্যক। এছাড়া পাসপোর্ট বা টিন নম্বর দেওয়ার জায়গাও রাখা হয়েছে।
- তৃতীয় অংশ: এই শেষ পাতাটি মূলত ঘোষণাপত্রের জন্য বরাদ্দ। এখানে আবেদনকারী বা তার অভিভাবককে সই করতে হবে।
ভুল সংশোধনের পদ্ধতি
প্যান কার্ডে কোনও ভুল থাকলে তা সংশোধনের প্রক্রিয়াতেও বদল এসেছে। ফর্মে প্রথমে বর্তমান প্যান ও আধার নম্বর লিখতে হবে। এরপর যে তথ্যটি (নাম, লিঙ্গ, জন্মতারিখ বা ঠিকানা) বদলাতে চান, শুধুমাত্র সেই ঘরের পাশে টিক দিতে হবে। সবচেয়ে বড় সুবিধা হলো, এই সংশোধনী ফর্মের মাধ্যমেই এখন পাসপোর্ট বা টিন নম্বর সরাসরি লিঙ্ক করা যাবে।
নিচে প্যান কার্ড সংক্রান্ত সকল নতুন ফর্ম দেওয়া হল-