Arrear DA: রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর
Arrear DA: প্রথমেই বলি রাজ্য সরকারী কর্মী ব্যাতিত রাজ্যে সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকাদের জন্য এখনও কোনও অর্ডার প্রকাশিত হয়নি। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) প্রদান সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তর সামনে এসেছে। বিশেষ করে ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে যাঁদের সার্ভিস রেকর্ডে কিছু জটিলতা রয়েছে, তাঁদের জন্য আইএফএমএস (WBIFMS) এবং এইচআরএমএস (HRMS) পোর্টালের মাধ্যমে বকেয়া মেটানোর প্রক্রিয়া স্পষ্ট করা হয়েছে। এই নির্দেশিকা কর্মীদের বকেয়া পাওয়ার ক্ষেত্রে বিভ্রান্তি দূর করতে সাহায্য করবে।
বকেয়া ডিএ পেতে কাদের অপেক্ষা করতে হবে?
যেসব কর্মী ১ জানুয়ারি ২০১৬ থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত ডেপুটেশনে ছিলেন, তাঁদের বকেয়া ডিএ এই মুহূর্তে হিসাব করা হচ্ছে না। কারণ, এইচআরএমএস সিস্টেমে ডেপুটেশন চলাকালীন পে-ডেটা সরাসরি উপলব্ধ থাকে না। একইভাবে, ২০১৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন যদি এইচআরএমএস-এর বাইরে হয়ে থাকে, তবে তা প্রাথমিক বকেয়া হিসাবে নাও থাকতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে একটি বিস্তৃত ক্যালকুলেশন করে পরবর্তী ধাপে এই বকেয়াগুলি মিটিয়ে দেওয়া হবে।
অবসরপ্রাপ্ত ও মৃত কর্মীদের বকেয়া কীভাবে মিলবে?
যাঁরা ইতিমধ্যেই অবসর নিয়েছেন বা বদলি হয়েছেন, তাঁদের বকেয়া পাওয়ার ক্ষেত্রে শেষ অফিসের ডিডিও (DDO) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। অবসর গ্রহণের আগের সময়ের বকেয়া ডিএ প্রসেস করবেন শেষ ডিডিও, এবং অবসরের পরের ডিআর (DR) প্রদান করবে পেনশনের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ। কোনো অবসরপ্রাপ্ত কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করার প্রয়োজন হলে, শেষ অফিসের ডিডিও-র মাধ্যমে তা আপডেট করা সম্ভব। দুর্ভাগ্যবশত কোনো কর্মীর মৃত্যু হলে, তাঁর নমিনি বা আইনি উত্তরাধিকারীকে শেষ অফিসে উপযুক্ত নথিপত্র জমা দিয়ে এই বকেয়া সংগ্রহ করতে হবে।
বিশেষ পরিস্থিতি: প্রমোশন, ক্যাশ (CAS) এবং সাসপেনশন
কর্মীদের কর্মজীবনের পরিবর্তনের ওপর ভিত্তি করেও ডিএ হিসাব করা হচ্ছে। কেউ যদি গ্রুপ ডি থেকে গ্রুপ সি-তে প্রমোশন পান এবং তাঁর জিপিএফ (GPF) অ্যাকাউন্ট এজি-বেঙ্গল (AGWB) দ্বারা পরিচালিত হয়, তবে বকেয়া টাকা সরাসরি জিপিএফ-এ জমা হবে। অন্যথায় তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। যাঁদের সাসপেনশন চলছিল, তাঁদের বকেয়া হিসাব হবে শুধুমাত্র সেই সময়ের সাবসিস্টেন্স অ্যালাউন্স বা হ্রাসপ্রাপ্ত বেসিক পে-এর ওপর ভিত্তি করে। এছাড়া ক্যাশ বেনিফিট পাওয়া কর্মীদের রিভাইজড বেসিক পে-এর ভিত্তিতেই বকেয়া হিসাব করা হবে। কোনো গরমিল থাকলে টেকনিক্যাল টিমের সাহায্য নেওয়া যেতে পারে।
যে বিষয়গুলি আইএফএমএস-এর আওতাভুক্ত নয়
বকেয়া ডিএ-র হার ঠিক কত হবে, জিপিএফ-এ জমা হওয়া টাকার ওপর সুদ মিলবে কি না, বা অর্থ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী জিপিএফ-এ বার্ষিক ৫ লক্ষ টাকার ঊর্ধ্বসীমা কীভাবে কার্যকর হবে—এই বিষয়গুলি আইএফএমএস-এর এক্তিয়ারভুক্ত নয়। এই ধরনের নীতির জন্য কর্মীদের সরাসরি অর্থ দপ্তরের নির্দেশিকা বা জিও (GO) অনুসরণ করতে বলা হয়েছে।