All in One Income Tax Calculator FY 2025-26

Download Now!
ডিএ

Teacher DA Hike: ভোটের মুখে সুখবর! শিক্ষকদের ১০ শতাংশ ডিএ বৃদ্ধি, বকেয়া সহ কবে মিলবে টাকা?

Teacher DA Hike: ভোটের আগে রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য বড়সড় সুখবর নিয়ে এল রাজ্য সরকার। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ১০ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির নির্দেশিকা জারি করা হয়েছে। স্কুল শিক্ষা দপ্তরের তরফে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি, সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষকরা এই বর্ধিত ভাতার সুবিধা পাবেন। ভোটের আগে এই ঘোষণা স্বাভাবিকভাবেই শিক্ষকদের একাংশের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।

মোট ডিএ বেড়ে কত হল?

রাজ্য সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী, ২০২৪ এবং ২০২৫ সাল মিলিয়ে মোট ২০ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ছিল। এর মধ্যে ২০২৫ সালের এপ্রিল মাসে প্রথম দফায় ১০ শতাংশ ডিএ দেওয়া হয়েছিল। বাকি ১০ শতাংশ বকেয়া ছিল, যা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

এই নতুন ১০ শতাংশ যুক্ত হওয়ার ফলে রোপা-২০০৯ (ROPA 2009) অনুযায়ী বেতনভুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের মোট মহার্ঘ ভাতার পরিমাণ এক লাফে ১৬১ শতাংশ থেকে বেড়ে ১৭১ শতাংশে দাঁড়াল।

বকেয়া টাকা কবে থেকে মিলবে?

শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, এই বর্ধিত মহার্ঘ ভাতা ২০২৫ সালের এপ্রিল মাস থেকে কার্যকর হবে। অর্থাৎ, শিক্ষকরা শুধুমাত্র বর্ধিত বেতনই পাবেন না, তার সঙ্গে গত এক বছরের বকেয়া বা এরিয়ার্সও (Arrears) পাবেন। দীর্ঘ এক বছর ধরে এই ১০ শতাংশ ডিএ-র বিষয়টি ঝুলে ছিল, যা ভোটের ঠিক আগে কার্যকর করা হচ্ছে।

মিশ্র প্রতিক্রিয়া শিক্ষক মহলে

যদিও সরকার ভোটের আগে এই বকেয়া মিটিয়ে দিচ্ছে, তবুও শিক্ষক মহলে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। রাজ্যে এমন কিছু স্কুল রয়েছে (সংখ্যায় প্রায় ৪০-৪৫টি), যেগুলিকে ‘ডিএ-গেটিং স্কুল’ বলা হয়। এই স্কুলগুলির শিক্ষকরা সরকারের কাছ থেকে কেবল মহার্ঘ ভাতা পান, আর মূল বেতন দেয় স্কুল পরিচালন সমিতি।

স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল বিভাস সান্যাল এ প্রসঙ্গে জানান, “এটি আমাদের দীর্ঘদিনের প্রাপ্য। বকেয়া সমেত এই টাকা যত দ্রুত সম্ভব মিটিয়ে দেওয়া উচিত।” অন্যদিকে, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের অভিযোগ, ডিএ-প্রাপ্ত স্কুলগুলির ক্ষেত্রে সরকার প্রতিবারই এই ১০ শতাংশ দিতে দেরি করে। ভোটের কথা মাথায় রেখে এখন তড়িঘড়ি তা মেটানো হচ্ছে। আগামী দিনে যাতে শিক্ষকদের হকের টাকা পেতে এমন বিলম্ব না হয়, সেদিকে নজর রাখার দাবি জানিয়েছেন তিনি।

WBPAY Team

আমাদের প্রতিবেদন গুলি WBPAY Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
Back to top button