Ad-hoc Bonus 2026: পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের বোনাস ঘোষণা, কারা কত টাকা পাবেন? জানুন বিস্তারিত
Ad-hoc Bonus 2026: পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের পক্ষ থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। ২০২৫-২০২৬ অর্থবর্ষের জন্য অ্যাড-হক বোনাস (Ad-hoc Bonus) প্রদানের নির্দেশিকা জারি করা হয়েছে। ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে অর্থ দপ্তরের মেমো নং ৮১১-এফ(পি২) এর মাধ্যমে এই নতুন বোনাসের হার ও যোগ্যতা ঘোষণা করা হয়েছে। রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী, পঞ্চায়েত, পুরসভা এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা এই ঘোষণার ফলে উপকৃত হবেন।
বোনাসের পরিমাণ এবং যোগ্যতার মাপকাঠি
রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারী কোনো প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস স্কিমের আওতায় নেই, তারা এই বোনাস পাওয়ার যোগ্য। ২০২৫-২৬ বছরের জন্য বোনাসের পরিমাণ নির্ধারণ করা হয়েছে মাথা পিছু ৭,৪০০ টাকা। এই বোনাস পাওয়ার জন্য কর্মচারীর মাসিক বেতন (Emoluments) ৩১শে মার্চ, ২০২৬ তারিখ অনুযায়ী ৪৬,০০০ টাকার মধ্যে হতে হবে। উল্লেখ্য যে, এই সীমা সংশোধিত বা অ-সংশোধিত উভয় বেতন কাঠামোর ক্ষেত্রেই প্রযোজ্য।
কাদের দেওয়া হবে এই বোনাস? (শর্তাবলী)
বোনাস পাওয়ার ক্ষেত্রে অর্থ দপ্তর থেকে নির্দিষ্ট কিছু শর্তাবলী নিচে দেওয়া হলো:
- ৩১শে মার্চ, ২০২৬ তারিখ অনুযায়ী মাসিক বেতন ৪৬,০০০ টাকা বা তার কম হতে হবে।
- ২০২৫-২০২৬ অর্থবর্ষে অন্তত ৬ মাস টানা কাজ করেছেন এমন কর্মীরাই বোনাস পাবেন।
- যাঁদের বেতন ৪৬,০০০ টাকা ছাড়িয়ে গিয়েছে কিন্তু বছরের অন্তত ৬ মাস বেতন এই সীমার নিচেই ছিল (পদোন্নতি বা ইনক্রিমেন্টের কারণে বেড়েছে), তাঁরাও সম্পূর্ণ ৭,৪০০ টাকা বোনাস পাবেন।
- ক্যাজুয়াল বা অস্থায়ী কর্মী যাঁরা বছরে অন্তত ১২০ দিন কাজ করেছেন, তাঁরাও আনুপাতিক হারে বোনাস পাবেন।
বেতন বা এমোলিউমেন্টস (Emoluments) বলতে কী বোঝায়?
ROPA ২০১৯ অনুযায়ী, ‘সংশোধিত বেতন’ বলতে মূল বেতন (Pay in the Level), মহার্ঘ ভাতা (DA) এবং নন-প্র্যাকটিসিং অ্যালাউন্স (NPA) বোঝায়। তবে এর মধ্যে বাড়ি ভাড়া ভাতা (HRA), মেডিকেল অ্যালাউন্স বা যাতায়াত ভাতা অন্তর্ভুক্ত হবে না। চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে তাঁদের মাসিক কনসোলিডেটেড পে-কেই এমোলিউমেন্টস ধরা হবে।
বোনাস প্রদানের সময়সূচী ও বাজেট
রাজ্য সরকার উৎসবের কথা মাথায় রেখে পৃথক পৃথক দিনে এই বোনাস প্রদানের সিদ্ধান্ত নিয়েছে:
- মুসলিম কর্মচারীদের জন্য: ২০২৬ সালের ইদ-উল-ফিতর উৎসবের পূর্বেই এই বোনাস বিতরণ সম্পন্ন করতে হবে।
- অন্যান্য কর্মচারীদের জন্য: ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ থেকে ১লা অক্টোবর, ২০২৬ তারিখের মধ্যে বোনাস প্রদান করা হবে।
- যদি কোনো কারণে এই নির্দিষ্ট দিনে পেমেন্ট করা না যায়, তবে উৎসবের আগে যত দ্রুত সম্ভব তা মিটিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
আনুপাতিক বোনাস গণনা (Pro-rata Calculation)
যাঁরা ৬ মাস থেকে ১ বছরের কম সময় কাজ করেছেন, তাঁদের ক্ষেত্রে বোনাস গণনার সূত্র হলো:
(৩১শে মার্চ ২০২৬-এর বেতন / ১২) x কাজের মাস সংখ্যা। এর সর্বোচ্চ সীমা হবে ৭,৪০০ টাকা। ১৫ দিনের বেশি কাজ করলে তাকে পূর্ণ মাস হিসেবে ধরা হবে।
এই বোনাসের খরচ রাজ্য বাজেটের ‘Ad-hoc Bonus’ হেড থেকে মেটানো হবে। এছাড়া পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের কর্মীদের জন্য সংশ্লিষ্ট দপ্তর শীঘ্রই এই নির্দেশের ভিত্তিতে আলাদা বিজ্ঞপ্তি জারি করবে।